Header Ads

ইরানে হামলার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা সেই মার্কিন রাষ্ট্রদূত হাকাবির

 

ইসরায়েলের পর এবার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্স ও আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। 

এদিকে উপসাগরীয় ওই তিন দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।  

রয়টার্স জানিয়েছে, বাহরাইনের জাফায়ার এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। উল্লেখ্য, এ এলাকাতেই মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এর উৎস বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

আল-জাজিরা জানায়, কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই দেশজুড়ে সতর্কতা সাইরেন বাজানো শুরু হয়।

মধ্যপ্রাচ্যের এ দেশগুলোতে যুগপৎভাবে বিস্ফোরণের এসব ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

ইরানে হামলার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা সেই মার্কিন রাষ্ট্রদূত হাকাবির

ইসরায়েলে নিযুক্ত বিতর্কিত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। হাকাবি একজন কট্টর ‘খ্রিস্টান জায়নবাদী’ হিসেবে পরিচিত। খবর আল–জাজিরার।

গত সপ্তাহে হাকাবির এক মন্তব্য মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। তিনি বলেছিলেন, ইসরায়েল যদি পুরো মধ্যপ্রাচ্যজুড়ে তাদের সীমানা বিস্তার করে, তবে তা ‘ঠিকই’ হবে।

সেই ইসরায়েলপন্থী ‘খ্রিস্টান জায়নবাদী’ হাকাবি ইরানের বিরুদ্ধে এই হামলা শুরু করার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কাতার ও বাহরাইনে মার্কিনদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের দুই দেশ কাতার এবং বাহরাইনে অবস্থান করা মার্কিনদের সর্তক অবস্থায় থাকতে বলা হয়েছে। খবর আল–জাজিরার।  

কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে উভয় দেশে অবস্থানকারী যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশে নিরাপত্তা সতর্কতা ‘শেল্টার–ইন–প্লেস’ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সতর্কতা জারি থাকবে।

বাহরাইনে মার্কিন দূতাবাস থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তাদের নাগরিকদের সতর্ক করে বলা হয়, ‘আপনার আবাসস্থল বা অন্য কোনো নিরাপদ ভবনের মধ্যে একটি সুরক্ষিত স্থান খুঁজে নিন। খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী মজুত রাখুন।’

কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস থেকেও নাগরিকদের জন্য একই ধরনের সতর্কতা জারি করে বলা হয়েছে, আপনার আবাসস্থল বা অন্য কোনো নিরাপদ ভবনের মধ্যে একটি সুরক্ষিত স্থান খুঁজে নিন। খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য জরুরি জিনিসপত্রের মজুত রাখুন।

সতর্কতামূলক এ নির্দেশনায় আরও বলা হয়েছে:

–প্রদর্শনী বা বিক্ষোভ এড়িয়ে চলুন, নিজের পরিচয় গোপন রাখুন এবং চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন।

–স্থানীয় গণমাধ্যমের খবরের দিকে নজর রাখুন; যেন নতুন খবর পান এবং প্রয়োজন অনুযায়ী নিজের পরিকল্পনা বদলানোর জন্য প্রস্তুত থাকুন।

–আপনার ফোনে চার্জ রাখুন এবং পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন; যাতে তাঁরা আপনার অবস্থা সম্পর্কে জানতে পারেন।

No comments

Powered by Blogger.