Header Ads

ঋণ নবায়নের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

 

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক চলমান (কন্টিনিউয়াস) ঋণ নবায়নের নিয়ম শিথিল করেছে। অর্থনৈতিক চ্যালেঞ্জের পরিস্থিতিতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক আজ মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, কোনো চলমান ঋণের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে দুই মাস আগে ব্যাংকগুলোকে সেটির নবায়নপ্রক্রিয়া শুরু করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন সম্পন্ন করা সম্ভব না হলে, ঋণ খেলাপি হিসেবে শ্রেণিবদ্ধ হওয়ার আগপর্যন্ত নবায়ন করা যাবে। তবে এ ক্ষেত্রে বিলম্বের কারণ যথাযথভাবে নথিভুক্ত করতে হবে। এ ছাড়া অনুমোদিত ঋণসীমার অতিরিক্ত অংশ নবায়নের আগে সমন্বয় করতে হবে।

এ ছাড়া অতিরিক্ত অংশ আলাদা করে নতুন ঋণ হিসেবে দেখানো বা অন্য হিসাবে স্থানান্তর করে সঠিক শ্রেণিবিন্যাস এড়ানোর সুযোগ থাকবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ–সংক্রান্ত নীতিমালাটি ৩১ ডিসেম্বর ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে। একই বিষয়ে ২০২৫ সালের জুনে জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারা অনুযায়ী নতুন নির্দেশনা জারি করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর হয়েছে।

No comments

Powered by Blogger.